উচ্চশিক্ষার মানোন্নয়নে তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
উদ্যোগগুলো হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব, যৌথ গবেষণা ও শিল্প-সামাজিক সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন।
ইউজিসি চেয়ারম্যান প্রস্তাব করেন, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করতে হবে। এ জন্য আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন ও কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান তিনি।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্প খাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শুধু ডিগ্রি অর্জন নয়, স্নাতকদের কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা, দলগতভাবে কাজ করা এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির সক্ষমতা অর্জন করতে হবে।
এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতায় যৌথ গবেষণার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। একই সঙ্গে মৌলিক গবেষণা ও মানবিক বিদ্যার চর্চার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ বাড়ানোর কথা বলেন তিনি।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এসব সম্পর্ককে কার্যকর করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও স্পষ্ট নীতিমালা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবেন, ব্যবহারের তথ্য কীভাবে প্রকাশ করবেন এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, তা নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, শিক্ষার্থীদের মতামত গ্রহণ, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শুধু র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করা যায় না; শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা ও একাডেমিক-প্রশাসনিক সেবার সমন্বয়ের পাশাপাশি নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনের অন্য একটি অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন নিয়ে আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা এবং কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন।
এ সময় আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন এবং সংগঠনটির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ২৫টি দেশের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর আগে সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আইএইউপি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।





