মিয়ানমারের গণহত্যার রায়কে ‘টার্নিং পয়েন্ট’ বললেন ভলকার তুর্ক

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে তিনি আইসিজের রায়কে স্বাগত জানান। একই সঙ্গে রায় দ্রুত বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায়মুক্তির অবসান ঘটানোর আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সির।
ভলকার তুর্ক বলেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে মানবজাতির ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধের জন্য মিয়ানমার রাষ্ট্র দায়ী।
তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীসহ মিয়ানমারের সব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই রায়কে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে কাজে লাগাতে হবে। পাশাপাশি রাখাইন রাজ্যে চলমান গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জাতিসংঘের এই কর্মকর্তা আইসিজের নির্দেশিত প্রতিকারমূলক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ সংঘটনে ব্যবহৃত হচ্ছে এমন সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল এবং দ্বৈত ব্যবহারযোগ্য অন্যান্য সরঞ্জামের সরবরাহ অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।





