ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিশ্ব

বিপুল ভোটে জাতিসংঘে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব

পক্ষে ১২৮ দেশ

Photo : GettyImages
Photo : GettyImages

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৬টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে অর্থবহ কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘস্থায়ী এই সংকটের কারণে বাংলাদেশ এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনএডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন
এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা, শহর রক্ষায় পরিখা খনন

একই সঙ্গে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে। তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করে।

এ সময় এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।