ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Prothom Kotha
রাজনীতি

আ’লীগকে মোকাবিলায় এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের

আ’লীগকে মোকাবিলায় এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো রাজনৈতিকভাবে মোকাবিলা করতে দলীয় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের অবিলম্বে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রম শুরুর আগে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়। বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়। এতে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল থেকে সংসদের অধিবেশন না থাকায় সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালনের কথাও বলেছেন তিনি।

আরও পড়ুনসংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক

সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন প্রশাসন ও আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিলাম, আন্দোলন-সংগ্রাম করেছি। তখন আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন ছিল, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ছিল। তারপরও তারা টিকতে পারেনি। এখন তো তাদের সঙ্গে কেউই নেই। সুতরাং, তাদের কর্মসূচি নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই।’

বৈঠকে দেওয়া নির্দেশনার মাধ্যমে নিজ নিজ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সরাসরি ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।