ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Prothom Kotha
সারাদেশ

নৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

নৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  সংস্কৃতিমন্ত্রীর

মাগুরা প্রতিনিধি : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তি, পলাতক স্বৈরাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নিতে হবে। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সমন্বয় ও সহযোগিতা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে কিছু সীমাবদ্ধতা থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উভয় পক্ষের অবস্থান দৃঢ় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণহত্যা, গুম, খুন, আয়নাঘর, মিথ্যা মামলা, হামলা ও ভোটাধিকার হরণের সঙ্গে জড়িত শক্তি যেন নতুন করে কোনো নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ঐক্য, সাহস ও চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনপ্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিমদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু
প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিমদের খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও গুজবের বিষয়ে সতর্ক করে সংস্কৃতিমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এসব অপপ্রচার মোকাবিলায় তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ ও পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও জামিয়াতুল ইসলামের প্রতিনিধিরা, প্রেসক্লাবের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনজীবী সমিতির সভাপতি সভায় উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা জেলার আগস্ট থেকে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন।

পরে সংস্কৃতিমন্ত্রী শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।