৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ‘ঐতিহ্যের হাট ২০২৬’
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৪ জেলার ঐতিহ্য, সংস্কৃতি, খাবার ও স্থানীয় পণ্য এক মঞ্চে তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহ্যের হাট ২০২৬’। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি তুলে ধরেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ এবং ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পঞ্চম আসরে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি মিলেমিশে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ ধারণাকে সামনে রেখে শিক্ষার্থীদের নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি উপস্থাপনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করা, স্থানীয় পণ্যকে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা এবং উদ্যোক্তা হওয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
চার বছর মেয়াদি উদ্যোক্তা তৈরির শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে ২০২২ সালে ৩৮টি জেলা নিয়ে ‘ঐতিহ্যের হাট’-এর যাত্রা শুরু হয়। চতুর্থ আসরে ২০২৫ সালে অংশগ্রহণকারী জেলার সংখ্যা দাঁড়ায় ৬২টিতে। ওই আয়োজনে প্রায় ৩০ হাজার দর্শনার্থীর সমাগম এবং প্রায় ৪০ লাখ টাকার পণ্য বিক্রি হয়। এবারের পঞ্চম আসরে আরও বিস্তৃত পরিসরে দেশের আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন ও তাৎপর্য তুলে ধরেন ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
ব্র্যাক ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-১-এর প্রধান আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-২-এর প্রধান ইন্দ্রজিৎ সুর এবং উইমেন এন্ট্রাপ্রেনিউর সেলের প্রধান খাদিজা মরিয়ম।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একাডেমিক নেতৃত্বসহ ২৫টি দেশ থেকে আসা প্রায় ৭০ জন আন্তর্জাতিক অতিথিও এ আয়োজনে অংশ নেন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা উৎসবে শিক্ষার্থীদের সাজানো স্টলগুলোতে হস্তশিল্প, তাঁত ও বস্ত্রশিল্প, মৃৎশিল্প, আঞ্চলিক খাবার এবং বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হয়। দর্শনার্থীদের এসব পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কেনাকাটার সুযোগ ছিল। বিচারকমণ্ডলী পণ্যের মৌলিকত্ব, বিক্রয়, প্রচার ও বিপণন কৌশলের ভিত্তিতে স্টলগুলোর মূল্যায়ন করেন।
বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে লোকগান ও বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক পরিবেশনা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
আয়োজনের আহ্বায়ক ও ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের প্রধান মো. কামরুজ্জামান সিদ্দার বলেন, ‘ঐতিহ্যের হাট শুধু একটি মেলা নয়, এটি শিক্ষার্থীদের হাতে-কলমে উদ্যোক্তা হয়ে ওঠার একটি প্ল্যাটফর্ম। নিজ জেলার পণ্যকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে গিয়ে তারা বাজার, মূল্য নির্ধারণ ও গ্রাহকের মন বোঝার কৌশল শিখছে। এভাবেই আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে চাই।’
দেশের আঞ্চলিক ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি স্থানীয় পণ্যকে বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজনটি শেষ হয়।





