ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

পৃথিবীর কোথাও ফ্যাসিস্ট শক্তি রাজনীতিতে ফিরতে পারেনি, আ. লীগও পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পৃথিবীর কোথাও ফ্যাসিস্ট শক্তি রাজনীতিতে ফিরতে পারেনি, আ. লীগও পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং কার্যক্রমের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও দলটিকে আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ইতিহাসে গণহত্যাকারী ফ্যাসিস্ট শক্তি রাজনীতিতে ফিরে আসার নজির নেই। জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা প্রসঙ্গে

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি প্রত্যর্পণ চুক্তি অনুসারেই দেশে ফিরতে পারেন। এ বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। দেশটি আইনানুগভাবে বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এভাবে তারা নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে আগের অপচেষ্টা মোকাবিলা করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ।

আরও পড়ুনঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিনি আরও জানান, মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও বিচারিক প্রক্রিয়া

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কিছু কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

শ্রমিক অসন্তোষ নিয়ে যা বললেন

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট।

তাঁর দাবি, শ্রমিক এলাকায় গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।