ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

বারিধারা ডিওএইচএস থেকে মধ্যরাতে আটক

সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে। তিনি সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হকের ছেলে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আতাউল হক দোলনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনাও সামনে এসেছে।

শ্যামনগরে দুই সাংবাদিক গ্রেপ্তার, বাড়িতে হামলার অভিযোগ

এদিকে সাতক্ষীরার শ্যামনগরে দুই সাংবাদিককে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। তাঁরা হলেন ইব্রাহিম খলিল ও আবু বক্কর।

আরও পড়ুনসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শ্যামনগর বঙ্গবন্ধু সুপার মার্কেট এলাকায় তাঁদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাঁদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ‘ট্যাগ’ দিয়ে মব সৃষ্টি করে মারধর করা হয়। পরে তাঁদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।

পরবর্তী সময়ে পুলিশ তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে একই রাতে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও তাঁকে অপহরণের চেষ্টার অভিযোগও উঠেছে।

সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তার এবং প্রেসক্লাব সভাপতির বাড়িতে হামলার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।