ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

পুণ্যার্থীবাহী বোট থেকে ২৯ জনকে উদ্ধার কোস্ট গার্ডের

পুণ্যার্থীবাহী বোট থেকে ২৯ জনকে উদ্ধার কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক : রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীবাহী একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার করা পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা, খাবার সরবরাহ এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ নভেম্বর রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং যাত্রা ব্যাহত হওয়ায় পুণ্যার্থীরা বিপাকে পড়েন।

এ অবস্থায় বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

আরও পড়ুনদেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা
দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

খবর পাওয়ার পর কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে ইঞ্জিন বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।