দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের তুলনায় সেপ্টেম্বর শেষে তা ২০ হাজার ৮৪৯ কোটি টাকা বেড়েছে। এ সময়ে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমলেও বেসরকারি ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। গত তিন মাসে এসব ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। সরকারি ব্যাংকে ঋণ কমার বিপরীতে বেসরকারি ব্যাংকে বড় অঙ্কের ঋণ বৃদ্ধি সামগ্রিক ব্যাংক খাতে খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতে ঋণ আদায়, আর্থিক শৃঙ্খলা ও ঋণ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।





