ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
শিল্প-সাহিত্য

"উম্মাতি"

সাইমন আলম শুভ

"উম্মাতি"

গত বারো বছরে আমি প্রায় চল্লিশ হাজার মানুষের মুখের ভিতর তাকাইছি।

আমি ডেন্টিস্ট। পল্লবীতে একটা চেম্বার।
মানুষ মুখ খোলে, আমি টর্চ ধরি। তারপর মুখ দেখে বলে দিতে পারি লোকটা কেমন জীবন কাটায়।
কে রাত তিনটায় ঘুমায়। কে সারাদিন চা-সিগারেট খায়। কে দাঁত কিড়মিড় করে, মানে টেনশনে থাকে।

মুখ মিথ্যা বলে না।

কিন্তু একজন মানুষের মুখের ভিতর তাকায় আমি জীবনে প্রথমবার কিছু বুঝতে পারি নাই।

তার নাম জব্বার মিয়া। বয়স বাহাত্তর। পেশা রিকশাচালক।

বত্রিশটা দাঁতের মধ্যে একত্রিশটা অক্ষত।

২.

জব্বার মিয়া চেম্বারে আসছিলেন একটা দাঁতের ব্যথা নিয়া। আক্কেল দাঁত। বাহাত্তর বছর বয়সে।
চেয়ারে বসে মুখ খুললেন। আমি টর্চ ধরলাম।

তারপর টর্চটা নামায় ফেললাম। আবার ধরলাম।

আমার চেম্বারে পঁচিশ বছরের ছেলেরা আসে, যাদের মুখে ছয়টা ফিলিং, দুইটা রুট ক্যানেল।
আর এই মানুষটা বাহাত্তর বছর রোদে রিকশা চালাইছে, কোনোদিন টুথপেস্ট কিনে নাই।
মাড়ি গোলাপি। দাঁতে এক ফোঁটা পাথর নাই।

"চাচা, আপনি দাঁত মাজেন কী দিয়া?"

উনি লুঙ্গির কোঁচড় থেকে একটা জিনিস বের করলেন।
আঙুলের মতো মোটা একটা ডাল। মাথাটা চিবানো, আঁশ আঁশ।

মিসওয়াক।

আমি হাসলাম। ডেন্টাল কলেজে পড়ার সময় এইটা নিয়া আমরা মজা করতাম।
হুজুরদের টুথব্রাশ।

জব্বার মিয়া হাসলেন না।
মিসওয়াকটা যত্ন করে আবার কোঁচড়ে রাখতে রাখতে বললেন,
"এইটা আমার নবীজির জিনিস, ডাক্তার সাব। উনি দিনে কয়বার মিসওয়াক করতেন জানেন? ঘুম থাইকা উইঠা, অজুর আগে, ঘরে ঢুইকা। মরণের আগের দিনও।"

আমি কিছু বললাম না। শুধু উনার দাঁতের দিকে তাকায় রইলাম।

বত্রিশের মধ্যে একত্রিশ।

৩.

বাসায় ফিরে রাতে কৌতূহলে একটু পড়াশোনা করলাম।
ভেবেছিলাম কিছু পাবো না।

পাইলাম।

যে গাছের ডাল দিয়া মিসওয়াক বানানো হয়, তার ভিতরে নাকি প্রাকৃতিক কিছু উপাদান আছে, যেগুলা মুখের কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এর উপর গবেষণা হইছে। আধুনিক পেপারে আছে।
আর এক হাজার চারশো বছর আগে, যখন কেউ ব্যাকটেরিয়া শব্দটাই শোনে নাই, তখন একজন মানুষ বলে গেছিলেন, মিসওয়াক মুখকে পবিত্র করে আর আল্লাহকে খুশি করে।

আমি ল্যাপটপটা বন্ধ করলাম।

তারপর অনেকক্ষণ অন্ধকারে বসে রইলাম।

ভার্সিটিতে আমার এক বন্ধু ছিল, তানিম। অ্যাস্ট্রোনমির পাগল। ছাদে টেলিস্কোপ নিয়া রাত কাটাইত।
একদিন আকাশের দিকে আঙুল তুলে বলছিল,

"এই যে তারাটা দেখতেছিস, ওইটার আলো আজকে রওনা দেয় নাই। কোনো কোনো তারার আলো তোর চোখে পৌঁছাইতে হাজার হাজার বছর লাগে। আকাশে এমন তারাও আছে যার আলো রওনা দিছিল চোদ্দশো বছর আগে। আজকে এসে তোর চোখে পড়তেছে।"

"তাইলে আমরা যেইটা দেখতেছি, ওইটা পুরান?"

"আলোটা পুরান। কিন্তু তুই দেখতেছিস আজকে। আলো কোনোদিন বুড়া হয় না, দোস্ত। খালি রাস্তায় থাকে। কারো চোখে পড়ার অপেক্ষায়।"

কথাটা সেই রাতে আমার আবার মনে পড়ল।

৪.

জব্বার মিয়ার আক্কেল দাঁতটা তুলতে তিনবার আসতে হইল।
তারপরও উনি আসতেন। মাসে একবার। কোনো কারণ ছাড়া।

চেম্বারের বাইরে রিকশা রেখে ওয়েটিং রুমে বসে থাকতেন। আমি ফ্রি হইলে চা খাইতাম দুইজন।

আমি উনাকে খেয়াল করতাম। ডাক্তারি অভ্যাস।

চেম্বারে ঢুকতেন ডান পা দিয়া। বের হইতেন বাম পা দিয়া।
চা খাইতেন বসে। তিন চুমুকে। প্রতিবার কাপ থেকে মুখ সরায়।
প্লেটে বিস্কুট দিলে অর্ধেক খাইতেন। বাকি অর্ধেক কাগজে মুড়ে পকেটে রাখতেন। পরে রাস্তার কোনো বাচ্চাকে দিতেন।
আর মানুষের দিকে তাকায় হাসতেন। সবসময়। রিসিপশনের ছেলেটার দিকে, ঝাড়ুদারের দিকে, আমার দিকে।

একদিন জিজ্ঞেস করলাম, "চাচা, আপনি এত হাসেন ক্যান?"

"হাসিও সদকা, ডাক্তার সাব। নবীজি কইছেন। আমার তো টাকা নাই। এইটা দিয়াই দান করি।"

"আর অর্ধেক খান ক্যান?"

"পেটের তিন ভাগের এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ খালি। বাতাসের জন্য। এইটাও উনার কথা।"

আমি ডাক্তার। আমি জানি অতিরিক্ত খাওয়া কত রোগের গোড়া। ডায়াবেটিস, প্রেশার, হার্ট।
আমার চেম্বারে আসা অর্ধেক মানুষের দাঁতের সমস্যার পিছনে আছে রাত জাগা আর বেশি খাওয়া।

আর এই মানুষটা এশার পর ঘুমায়। ফজরে ওঠে। ডান কাত হয়ে শোয়। অর্ধেক পেট খায়।
বাহাত্তর বছর বয়সে দিনে আট ঘণ্টা রিকশা চালায়।

তার কোনো ডাক্তার লাগে নাই। শুধু একজন মানুষের দেখানো একটা রাস্তা লাগছে।

৫.

এক বৃষ্টির দুপুরে চেম্বার ফাঁকা। জব্বার মিয়া আসলেন ভিজতে ভিজতে।

চা দিলাম। উনি চুপচাপ খাইলেন। অন্যদিনের মতো হাসলেন না।

অনেকক্ষণ পর বললেন, "ডাক্তার সাব, একটা কথা কই। কাউরে কই নাই।"

"বলেন চাচা।"

"বায়ান্ন বছর ধইরা আমি একটা দোয়া করি। প্রতিরাতে। ঘুমানোর আগে।"

উনি কাপটা নামায় রাখলেন।

"নবীজিরে একবার স্বপ্নে দেখতে চাই।"

বাইরে বৃষ্টির শব্দ বাড়তেছিল।

"বায়ান্ন বছর। উনিশ হাজার রাইত। একবারও দেখি নাই।" উনার গলা ভাঙা ভাঙা। "আমি মনে হয় যোগ্য না, ডাক্তার সাব। লেখাপড়া জানি না। কোরআন শরিফ পড়তে পারি না ঠিকমতো। রিকশা চালাই। আমার মতো মানুষরে উনি ক্যান দেখা দিবেন?"

আমি কিছু বলতে পারলাম না।
আমি নিজে বছরে চার-পাঁচবার নামাজ পড়ি। নবীজির জীবনী একটা বইও পুরা পড়ি নাই।
এই মানুষটা বায়ান্ন বছর ধরে উনার প্রত্যেকটা ছোট ছোট অভ্যাস নিজের শরীরে বসায় নিছেন। আর ভাবতেছেন, উনি যোগ্য না।

তাহলে আমি কী?

৬.

"চাচা, আপনি উনাকে এত ভালোবাসেন ক্যান? কোনোদিন দেখেন নাই, চিনেন নাই।"

জব্বার মিয়া আমার দিকে এমনভাবে তাকাইলেন, যেন আমি জিজ্ঞেস করছি সূর্য ক্যান গরম।

তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন।

"তায়েফ নামে একটা শহর আছিল। উনি গেছিলেন ওইখানের মানুষরে আল্লাহর কথা কইতে। ওরা কী করছে জানেন? পোলাপান লাগায় দিছে। পাথর মারছে। এত পাথর যে উনার দুই পা দিয়া রক্ত পইড়া জুতা ভইরা গেছিল।"

আরও পড়ুনবাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার
বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার

উনি একটু থামলেন।

"তারপর আল্লাহর ফেরেশতা আসছিল। কইছিল, আপনি চাইলে দুই পাহাড় এক কইরা এই শহর পিষা দেই। উনি কী কইছিলেন? না। হয়তো ওদের বংশে এমন কেউ আসবে যে আল্লাহরে মানবে।"

জব্বার মিয়ার চোখ ভিজা।

"যেই মানুষগুলা রক্ত ঝরাইছে, উনি তাদের পোলাপানের জন্যও দোয়া করছেন, ডাক্তার সাব। যারা তখনো জন্মায় নাই।"

আমি চায়ের কাপটা টেবিলে রাখলাম। হাত একটু কাঁপতেছিল।

"উনার ঘরে মাসের পর মাস চুলা জ্বলে নাই। খেজুর আর পানি খাইয়া দিন গেছে। খন্দকের যুদ্ধের সময় ক্ষুধার চোটে পেটে পাথর বাইন্ধা রাখছিলেন। খেজুর পাতার মাদুরে ঘুমাইতেন। একদিন হযরত উমর (রা.) দেখলেন মাদুরের দাগ উনার পিঠে বইসা গেছে। দেইখা উমর কাইন্দা ফেলছিলেন। কইছিলেন, রোম-পারস্যের রাজারা আরামে থাকে, আর আপনি আল্লাহর রাসুল হইয়া এই অবস্থায়?"

"উনি কী বলছিলেন?"

"কইছিলেন, তুমি কি চাও না ওদের জন্য দুনিয়া, আর আমাদের জন্য আখিরাত?"

জব্বার মিয়া চোখ মুছলেন লুঙ্গির কোনা দিয়া।

"উনি চাইলে পুরা আরবের সোনা উনার পায়ের কাছে থাকত। উনি নেন নাই। সব দিয়া দিছেন। আর একটা জিনিস রাইখা দিছিলেন। শুধু একটা।"

"কী?"

"প্রত্যেক নবীরে আল্লাহ একটা দোয়া দিছিলেন, যেইটা অবশ্যই কবুল হবে। সব নবী দুনিয়াতেই সেই দোয়া কইরা ফেলছেন। উনি করেন নাই। জমায় রাখছেন।"

উনি আমার দিকে সোজা তাকাইলেন।

"কেয়ামতের দিনের জন্য। আমার জন্য। আপনার জন্য। উম্মতের জন্য।"

বাইরে বৃষ্টি থেমে গেছিল। কিন্তু আমি টের পাই নাই।

৭.

সেই রাতে বাসায় ফিরে আমি প্রথমবার নবীজির জীবনী খুললাম।
একটা বাংলা বই। কবে কিনছিলাম মনে নাই। তাকে ধুলা জমা।

সারারাত পড়লাম।

ফজরের একটু আগে একটা হাদিসে এসে থেমে গেলাম। সহিহ মুসলিমের।

একদিন নবীজি সাহাবিদের বলছিলেন, উনার মন চায় উনার ভাইদের দেখতে।
সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন, আমরা কি আপনার ভাই না, ইয়া রাসুলুল্লাহ?
উনি বলছিলেন, তোমরা আমার সাথী। আমার ভাই তারা, যারা এখনো আসে নাই। যারা আমাকে না দেখেও আমার উপর ঈমান আনবে।

আমি বইটা বুকের উপর রেখে শুয়ে পড়লাম।

চোদ্দশো বছর আগে মদিনার একটা খেজুর পাতার ছাউনির নিচে বসে একজন মানুষ আমাদের দেখতে চাইছিলেন।
আমরা তখনো জন্মাই নাই।
আমার দাদার দাদার দাদাও জন্মান নাই।

উনি তখনো আমাদের মিস করতেছিলেন।

আর আরেকটা হাদিসে আছে, এক রাতে উনি কোরআনের একটা আয়াত পড়তে পড়তে দুই হাত তুলে কাঁদতে শুরু করছিলেন। শুধু দুইটা শব্দ বলতেছিলেন।

উম্মাতি। উম্মাতি।
আমার উম্মত। আমার উম্মত।

আমি সারাজীবন ভাবছি, আমি কাউকে মিস করি না। কেউ আমাকে মিস করে না।

চোদ্দশো বছর ধরে একজন আমার জন্য কাঁদতেছিলেন।
আর আমি উনার একটা সুন্নতকে "হুজুরদের টুথব্রাশ" বলে হাসছিলাম।

ফজরের আজান হইল।
আমি উঠলাম। অজু করলাম।
তারপর আমার ঢাকার বাসার বাথরুমের আয়নার সামনে দাঁড়ায় হাউমাউ করে কাঁদলাম।

তানিম ঠিক বলছিল। কিছু আলো চোদ্দশো বছর রাস্তায় থাকে।
কারো চোখে পড়ার অপেক্ষায়।

৮.

তিন মাস পর এক সকালে জব্বার মিয়ার ছেলে চেম্বারে আসলো।

উনি আগের রাতে ঘুমের মধ্যে চলে গেছেন। এশার পর। ডান কাত হয়ে।

ছেলেটা একটা কাগজের প্যাকেট দিল। "আব্বা বলছিলেন এইটা আপনারে দিতে। আর একটা কথা কইতে।"

প্যাকেটের ভিতর একটা নতুন মিসওয়াক। কাটা, পরিষ্কার, মাথাটা সুন্দর করে চিবায় নরম করা।

"কী কথা?"

ছেলেটা একটু ইতস্তত করল। তারপর বলল,
"মরার আগের রাতে ফজরে উইঠা আব্বা অনেকক্ষণ জায়নামাজে বইসা কানছিলেন। আমি জিজ্ঞেস করলাম কী হইছে। কইলেন, দেখছি রে বাপ। বায়ান্ন বছর পর দেখছি।"

আমার গলা শুকায় গেল। "কী দেখছেন বলছিলেন?"

"কিছু কন নাই। কইলেন, ওইটা কওয়ার জিনিস না। খালি একটা কথা কইছেন। কইছেন, মনে হইল উনি আমারে আগে থাইকাই চিনেন। বায়ান্ন বছর ধইরা চিনেন।"

ছেলেটা চোখ মুছল।

"তারপর কইলেন, ডাক্তার সাবরে কইস, যোগ্যতা লাগে না। খালি ভালোবাসা লাগে। আর উনার রাস্তায় হাঁটা লাগে।"

৯.

এখন আমার চেম্বারের ড্রয়ারে একটা মিসওয়াক থাকে। জব্বার মিয়ার দেওয়া।
আমি ব্যবহার করি না। ওইটা রাখা থাকে।
নিজেরটা কিনে নিছি।

ঘরে ঢুকি ডান পা দিয়া। পানি খাই বসে, তিন চুমুকে।
রিসিপশনের ছেলেটার দিকে তাকায় হাসি। প্রথম দিন ও ভয় পাইছিল। ভাবছিল চাকরি যাবে।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এশার পর ঘুমাই।

আমার রোগীরা এখন জিজ্ঞেস করে, ডাক্তার সাব, আপনি এত শান্ত থাকেন কেমনে?

আমি হাসি। কিছু বলি না।

আমি এখনো উনাকে স্বপ্নে দেখি নাই।
হয়তো কোনোদিন দেখবও না। আমার মতো মানুষের জন্য সেইটা অনেক বড় জিনিস।

কিন্তু একটা জিনিস এখন জানি।

আমরা সারাজীবন বলি, ইশ, যদি নবীজিকে একবার দেখতে পারতাম।
অথচ উনি আমাদের দেখতে চাইছিলেন আমাদের আগে।

আমরা উনার জন্য একটা রাত কাঁদি না।
উনি আমাদের জন্য রাতের পর রাত হাত তুলে কাঁদছেন।
যেই দোয়াটা দিয়া দুনিয়ার সবকিছু চাইতে পারতেন, সেইটা জমায় রাখছেন। আমাদের জন্য। যাদের উনি কোনোদিন দেখেন নাই।

আর আমরা উনার দেখানো রাস্তায় হাঁটতে লজ্জা পাই।
মিসওয়াক দেখে হাসি। সুন্নতকে পুরান ফ্যাশন বলি। সপ্তাহে একদিন উনার নাম নেই।

তানিম বলছিল, আলো কোনোদিন বুড়া হয় না। খালি রাস্তায় থাকে।

উনার আলোও চোদ্দশো বছর ধরে রাস্তায় আছে।
একটা ডালের মাথায়। একটা হাসিতে। অর্ধেক খালি পেটে। ডান কাত হয়ে শোয়া একটা ঘুমে।
আর একজন রিকশাচালকের বত্রিশের মধ্যে একত্রিশটা দাঁতে।

শুধু চোখ তুলে তাকানো বাকি।

by- Saimon Alam Shovo
১১/১১/২৬

বিদ্র: এটা কাল্পনিক গল্প। গল্পের মাধ্যমে মানুষের মাঝে ইসলামিক মূল ম্যাসেজটা হৃদয়ে গেথে দেয়াই আমার মূল উদ্দেশ্য। মানুষকে আরেকটা বার হৃদয়ে নাড়া দেয়াই উদ্দেশ্য। বাকিটা আল্লাহর হাতে। 

সকলের প্রতি দোয়ার দরখাস্ত।