ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
খেলা

সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক : ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদের করা একমাত্র গোলেই ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকেই দুই দল সমানতালে লড়াই করে। আক্রমণ-পাল্টা আক্রমণ, বলের দখল কিংবা গোলের সুযোগ তৈরিতে প্রথমার্ধে কাউকে খুব বেশি এগিয়ে রাখা যায়নি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সামিতের ভুল পাস থেকে সুযোগ তৈরি করে পাকিস্তান। আল উজাইরের নেওয়া শট অবশ্য দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। পাঁচ মিনিট পর কাজেম শাহর শটও সামাল দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে বল পেয়ে রাকিব হোসেনের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর আবারও পাকিস্তানের আক্রমণ সামাল দিতে হয় শ্রাবণকে। ৩২ মিনিটে আব্দুল সামাদ শেহজাদের শটও পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে তুলনামূলক নিষ্প্রভ দেখায়। দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী কয়েকবার মেজাজ হারান এবং একাধিক ফাউল করেন। ৭৬ মিনিটে বক্সের সামনে তার করা ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক দারুণভাবে রুখে দেন শ্রাবণ।

আরও পড়ুনশেষ বলে বাউন্ডারি মেরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
শেষ বলে বাউন্ডারি মেরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

তবে ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় পাকিস্তান। গোল কিকের পরিবর্তে হাত দিয়ে বল বাড়ানোর পর বক্সের সামনে বল পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড। সেখান থেকে বল পেয়ে আব্দুল সামাদ শেহজাদ দারুণ দক্ষতায় বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করে শট নেন। শ্রাবণ ঝাঁপিয়েও বল আটকাতে পারেননি। পাকিস্তানের খেলোয়াড়দের উল্লাসে তখন স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের গ্যালারি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষ দিকে চার মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। তবে দর্শকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। বিরতির পর খেলা শুরু হলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কোচ ডুলি দুটি পরিবর্তন আনলেও ম্যাচের চিত্র বদলায়নি। রহমত মিয়ার পরিবর্তে বিশ্বনাথ এবং সুকির পরিবর্তে ইব্রাহিম মাঠে নামেন। তবে তারা দলকে সমতায় ফেরাতে পারেননি।

অন্যদিকে সেমিফাইনালের আগে পাকিস্তান দলে যোগ দেওয়া পাঁচ ফুটবলারের উপস্থিতি দলটির শক্তি বাড়িয়েছে। গোছানো রক্ষণ, পরিকল্পিত আক্রমণ এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় শেষ পর্যন্ত জয় তুলে নেয় পাকিস্তান।

এই হারে সাফের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। অন্যদিকে বাংলাদেশকে বিদায় করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল পাকিস্তান।