রাজনীতিতে আগ্রহী হোক নতুন প্রজন্ম, শিক্ষার্থীদের তিন পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এগুলো হলো—পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণ।
পরিচ্ছন্নতার বিষয়ে প্রধানমন্ত্রী নিজের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন তিনি।

বৃক্ষরোপণে উৎসাহিত করতে বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





