ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
প্রবাস

বাংলাদেশি টিকটকারসহ ৫০ অভিবাসীকে বহিষ্কার করল গ্রিস

বাংলাদেশি টিকটকারসহ ৫০ অভিবাসীকে বহিষ্কার করল গ্রিস

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বৈধ কাগজপত্র ছাড়াই গ্রিসে আসার আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশ করা এক বাংলাদেশিকে দেশটি থেকে বহিষ্কার করেছে গ্রিস সরকার। মো. হাসান (২৭) নামের ওই বাংলাদেশিসহ বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন অনিয়মিত অভিবাসীকে চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মৌলভীবাজারের বাসিন্দা হাসান প্রায় পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তার আশ্রয়ের আবেদন তৃতীয়বারের মতো প্রত্যাখ্যাত হওয়ার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে হাসান বাংলাদেশিদের গ্রিসের নাফপ্লিও শহরে আসার আহ্বান জানান। ভিডিওতে তিনি দাবি করেন, ওই শহরে কাজের সুযোগ রয়েছে এবং বৈধ কাগজপত্র না থাকলেও পুলিশের কোনো ঝামেলা হবে না।

ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, “আমরা গ্রিসের নাফপ্লিওতে কাজের জন্য আছি। যাদের কাগজপত্র নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। ৫০ বছর এই জায়গায় থাকলেও পুলিশ আসবে না।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রিসের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গ্রিক কর্তৃপক্ষের নজরে এলে পুলিশ হাসানকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

আরও পড়ুনবাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার
বাংলাদেশের বাণিজ্য ঘাটতির শীর্ষে ভারত, এক বছরে ঘাটতি ৭৮৬ কোটি ডলার

গ্রিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এর আগে হাসানের গ্রিসে বৈধভাবে বসবাসের অনুমতি ছিল। তবে তার কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করে। পাশাপাশি তার আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়। একাধিকবার আবেদন করে দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়।

মন্ত্রী থানোস প্লেভরিস তার পোস্টে বলেন, অবৈধ অভিবাসীদের গ্রিসে আসতে উৎসাহিত করা ওই বাংলাদেশির বসবাসের বৈধতা বাতিল করা হয়েছে। ধারাবাহিক আশ্রয়ের আবেদনের মাধ্যমে তাকে গ্রিসে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বহিষ্কার কার্যকর হয়েছে।

অবৈধভাবে অবস্থানকারীদের বহিষ্কারে সময় লাগলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, হাসানের কর্মকাণ্ড নিয়ে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। প্রবাসীদের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসে প্রবেশ করা কিছু বাংলাদেশি টিকটকার সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে অভিবাসন নিয়ে বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচার করছেন।

তাদের আশঙ্কা, এ ধরনের প্রচারণার কারণে গ্রিসের স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।