ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
আইন-আদালত

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল থাকছে।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে গত ৭ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট উপসচিবকে বিবাদী করা হয়।

আরও পড়ুনসারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর
সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন জমার সময় ১৪ ডিসেম্বর

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করা হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

পরবর্তী সময়ে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বহাল থাকবে লটারি পদ্ধতি।

ভর্তি পদ্ধতি নিয়ে এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।