রমজানে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে বাজারে খেজুর, কমলা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও কর কমিয়েছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ-সংক্রান্ত প্রস্তাব দেয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়া আইন অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাট দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে পরবর্তী অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান করা হয়েছিল।
তবে এ পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিধানটি সংশোধনের প্রয়োজন দেখা দেয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।
অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট খসড়া আইন প্রস্তুত করা হয়। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে খসড়াটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।




