জলবায়ু অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে ইইউর সহযোগিতা চাইলেন পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের জলবায়ু মোকাবিলার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ চলছে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার বায়ুদূষণ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
এ ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

জবাবে ইইউ প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য (এনসিকিউজি) বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে। এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইইউর প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্যসংক্রান্ত কার্যক্রমের জন্য ৫০ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ইইউ প্রতিনিধি আরও জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এ কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প চিহ্নিত করা ও প্রস্তুত করতে সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহযোগিতা করছে। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হবে। পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে। আলোচিত বিষয়গুলোর অগ্রগতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতেও সম্মত হয় দুই পক্ষ।




