ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন ঢাকার মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়রপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা ও মতবিনিময় করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে বারিধারার ইন্ট্রো কনভেনশন সেন্টারে বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সাংগঠনিক থানা আমীর ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবুল বাসারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দিন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপসংস্কৃতি ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে বিপথগামী করে তোলে। সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে কোরআন ও জ্ঞানের চর্চা এবং সুনাগরিক তৈরির কাজে অর্থ ব্যয় করতে হবে। সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন।
তিনি বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয় এবং দুর্নীতি ও বিভিন্ন অপরাধের প্রবণতা বাড়ে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়; এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জীবনযাপন ও দৃষ্টান্ত তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, তিনি সংসদ থেকে প্রাপ্ত অর্থ প্রতি মাসে একটি কওমি মাদরাসায় দান করেন এবং অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। সংসদের ৩০০ সদস্য নীতি-নৈতিকতার চর্চা করলে দেশের চিত্র অনেকটাই বদলে যেত বলে মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী এমন নাগরিক তৈরি করতে চায়, যারা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। সমাজ পরিবর্তনের লক্ষ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির মাধ্যমে তৈরি হওয়া ব্যক্তিরা বিভিন্ন দায়িত্বে থেকে সততা ও দুর্নীতিমুক্তভাবে কাজ করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পর ক্ষমতায় এসে বর্তমান সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি সরকার তা করেনি বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের সংসদ সদস্যদের ভূমিকা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, দলটির সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই বলেও দাবি করেন তিনি। শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চান বলে জানান এই মেয়রপ্রার্থী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা বায়তুলমাল সম্পাদক বারাকাত গাজী, কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মোল্লা, অফিস সম্পাদক নাসির উদ্দিন তারেক, সমাজকল্যাণ সম্পাদক এস এম মোবারক হোসাইন, মজলিসে শূরা সদস্য মো. কাইয়ুম উদ্দিন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা।





