ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
চাকরী

দুদকে প্যানেল আইনজীবী হওয়ার সুযোগ!

দুদকে প্যানেল আইনজীবী হওয়ার সুযোগ!

সুপ্রিম কোর্টে প্যানেল আইনজীবী নিয়োগ দেবে দুদক, আবেদন ৯ ডিসেম্বর পর্যন্ত। হাইকোর্টে ১০ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক; আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত জেলা ও অতিরিক্ত জেলা জজরাও

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। ২০২৬ সালের এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য ও অভিজ্ঞ আইনজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত জেলা ও অতিরিক্ত জেলা ও দায়রা জজদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র দুর্নীতি দমন কমিশনের সচিব বরাবর পৌঁছাতে হবে।

দুদকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী এবং মামলা পরিচালনার প্রয়োজন অনুযায়ী (কেস টু কেস ভিত্তিতে) প্যানেল আইনজীবীদের দায়িত্ব দেওয়া হবে। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি; কিছুসংখ্যক বিজ্ঞ আইনজীবী তালিকাভুক্ত করা হবে।

আবেদনের যোগ্যতা

প্যানেল আইনজীবী হিসেবে আবেদন করতে হলে প্রার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলে অন্তর্ভুক্তির সনদধারী হতে হবে। পাশাপাশি হাইকোর্ট বিভাগে অন্তত ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া আইনজীবী হিসেবে নিজে পরিচালনা করে হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগে জামিনসংক্রান্ত মামলা বাদে অন্তত ১০টি মামলা নিষ্পত্তির অভিজ্ঞতা থাকতে হবে। এসব মামলার মধ্যে প্রার্থীর নিজে দায়ের করা অন্তত একটি আপিল এবং একটি ফৌজদারি রিভিশন মামলা থাকতে হবে।

তবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজদের ক্ষেত্রে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য। তাঁদের ক্ষেত্রে দায়রা জজ হিসেবে অন্তত ১০টি মামলায় পূর্ণাঙ্গ রায় প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে

আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি এবং বাংলাদেশ বার কাউন্সিলে অন্তর্ভুক্তির সনদ জমা দিতে হবে।

সাধারণ আইনজীবীদের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে অন্তত ১০ বছর সক্রিয়ভাবে মামলা পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। পাশাপাশি ১০টি নিষ্পত্তিকৃত মামলার রায়ের সার্টিফায়েড কপি এবং একটি আপিল ও একটি ফৌজদারি রিভিশন মামলার মেমোরেন্ডামের সার্টিফায়েড কপি জমা দিতে হবে।

আরও পড়ুনদুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির নতুন সম্ভাবনা
দুবাইয়ের শ্রমবাজারে আনসার-ভিডিপির নতুন সম্ভাবনা

অবসরপ্রাপ্ত বিচারকদের ক্ষেত্রে বার কাউন্সিলের সনদ, চাকরি থেকে অবসর গ্রহণের প্রমাণপত্র এবং দায়রা জজ হিসেবে দেওয়া ১০টি মামলার পূর্ণাঙ্গ রায়ের সার্টিফায়েড কপি জমা দিতে হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অযোগ্যতার শর্ত প্রযোজ্য নয়—এ মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে এফিডেভিট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

অযোগ্যতার শর্ত ও নিয়োগের নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজনৈতিক দলের পদে থাকা, কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত হওয়া, নৈতিক স্খলনের কারণে চাকরিচ্যুত হওয়া, উগ্র মতাদর্শে বিশ্বাসী হওয়া কিংবা ঋণখেলাপি বা বিলখেলাপি হওয়ার মতো বিষয়গুলো প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

তালিকাভুক্ত আইনজীবীদের কোনো নির্ধারিত মাসিক বেতন দেওয়া হবে না। মামলা পরিচালনার দায়িত্ব অনুযায়ী কমিশন নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করা হবে। কোনো আইনজীবী দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইলে কমিশনকে ৩০ দিনের আগাম নোটিশ দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।

প্রাপক: সচিব, দুর্নীতি দমন কমিশন
ঠিকানা: প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা।

খামের ওপর ‘প্যানেল আইনজীবী (বিজ্ঞ আইনজীবী)’ পদ উল্লেখ করতে হবে। আবেদনপত্র আগামী ৯ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে কমিশনের কার্যালয়ে পৌঁছাতে হবে।

দুদক জানিয়েছে, অসম্পূর্ণ আবেদন বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। নিয়োগ ও তালিকাভুক্তির বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রয়োজনে যেকোনো সময় এ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের ক্ষমতাও কমিশন সংরক্ষণ করে।

বিস্তারিত তথ্য ও মূল নিয়োগ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে (www.acc.org.bd) পাওয়া যাবে।