জাপানগামী কনটেইনারে তামার বদলে মিলল ১০টি জাহাজের কাটা পাখা

চট্টগ্রাম প্রতিনিধি: জাপানে রপ্তানির জন্য প্রস্তুত করা একটি কনটেইনারে বাছাইকৃত তামার পরিবর্তে পাওয়া গেছে ১০টি জাহাজের কাটা পাখা (প্রপেলার স্ক্র্যাপ)। চট্টগ্রামের একটি বেসরকারি অফডকে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে কাস্টমসের প্রতিরোধ দল।
এ ঘটনায় বন্ড সুবিধার অপব্যবহার করে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শনিবার (১৪ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রপ্তানিকারক প্রতিষ্ঠান নিলকো অ্যালয়েজ লিমিটেডের (NIALCO ALLOYS LIMITED) একটি রপ্তানি চালান শতভাগ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটি খুলে ঘোষিত পণ্যের পরিবর্তে ১০টি জাহাজের কাটা পাখা পাওয়া যায়।

চালানটিতে বাছাইকৃত তামা বা সোর্টেড কপার রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল। ঘোষিত পণ্যের মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে পাঠানোর কথা ছিল।
কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিলকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় কাঁচামাল হিসেবে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ শুল্কমুক্তভাবে আমদানি করে। এসব কাঁচামাল প্রক্রিয়াজাত করে বাছাইকৃত তামা উৎপাদন ও রপ্তানির অনুমতি নেয় প্রতিষ্ঠানটি।
তবে কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা ১০টি জাহাজের কাটা পাখা রপ্তানির চেষ্টা করা হয়েছে। অর্থাৎ, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছিল।
কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির চেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জালিয়াতির মাধ্যমে সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা ছিল।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনবিআর।





