ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ, মিলবে ঝুঁকি নির্ণয় ও চিকিৎসা-পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : ডায়াবেটিসে আক্রান্ত রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সচেতনতা বাড়ানো এবং রোগ ব্যবস্থাপনায় সহায়তা দিতে চালু হতে যাচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে একজন ব্যক্তি প্রাথমিকভাবে জানতে পারবেন তাঁর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা। পাশাপাশি রোগ প্রতিরোধ, স্বাস্থ্যকর জীবনযাপন, চিকিৎসা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলেরাব্বী খান বলেন, অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবেন। যারা ঝুঁকিতে রয়েছেন, তারা প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য ও জীবনযাপনসংক্রান্ত পরামর্শ পাবেন। অন্যদিকে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য থাকবে চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন তথ্য।
তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং দায়িত্বশীল করে তোলা। অ্যাপটি বাস্তব ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী আরও কার্যকর ও পূর্ণাঙ্গ করার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।
দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি নির্বাচিত (প্রেসিডেন্ট ইলেক্ট) এবং ডায়াবেটিস মেলার উপদেষ্টা পরিষদের সদস্য ডা. শাহাজাদা সেলিম দেশে ডায়াবেটিস পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। বাংলাদেশেও পরিস্থিতি আশঙ্কাজনক। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে।
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা এবং অসচেতনতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রোগটি সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অত্যন্ত জরুরি।
৯২ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই
ডা. শাহাজাদা সেলিম বলেন, ডায়াবেটিস সাধারণত পুরোপুরি নিরাময় করা সম্ভব না হলেও সঠিক চিকিৎসা ও জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো রক্তে শর্করা পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের মাধ্যমে জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

তবে দেশের ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই বলে জানান তিনি। এর ফলে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, রক্তনালির জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্নায়ুর ক্ষতির ঝুঁকি বাড়ছে।
তিনি আরও বলেন, ডায়াবেটিসের এসব জটিলতা শুধু রোগীর স্বাভাবিক জীবনযাত্রাকেই ব্যাহত করে না, বরং চিকিৎসার ব্যয় বাড়িয়ে পরিবার ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।
২০১৯ সাল থেকে চলছে ডায়াবেটিস সচেতনতা কার্যক্রম
ডা. শাহাজাদা সেলিম জানান, ডায়াবেটিস প্রতিরোধে আগাম সচেতনতা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৯ সাল থেকে তাঁরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ছোট-বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’। এসব আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি বলেন, ডায়াবেটিস নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। এ উদ্যোগের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার’।
উন্মোচন করা হলো অ্যাপের লোগো, চাওয়া হচ্ছে জনমত
সংবাদ সম্মেলনে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন ডা. শাহাজাদা সেলিম। তিনি জানান, যাদের জন্য অ্যাপটি তৈরি করা হচ্ছে, তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই এটিকে আরও কার্যকর ও পূর্ণাঙ্গ করে গড়ে তোলা হবে।
এ জন্য সাধারণ মানুষ নির্ধারিত মতামত ফর্ম পূরণ করে, ফেসবুক পেজে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে (০১৭০১ ৬৬৫৪৬৫) নিজেদের পরামর্শ জানাতে পারবেন। এ ছাড়া নির্ধারিত কিউআর কোড স্ক্যান করেও মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়বে, ঝুঁকিতে থাকা ব্যক্তিরা আগেভাগে সতর্ক হতে পারবেন এবং আক্রান্ত ব্যক্তিরা রোগ ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন।





