ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, সন্দেহভাজনদের তল্লাশির সিদ্ধান্ত

ঢাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ, সন্দেহভাজনদের তল্লাশির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্কের মধ্যে নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতনের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

আরও পড়ুনস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।