বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম ডেস্ক : বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী মুসলিম রাজনীতিবিদদের মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে।
তালিকায় বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর সময় দেশের বাইরে থেকেই বিএনপির নেতৃত্ব দিয়েছেন।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় এনে দেন। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং বিএনপি সরকার গঠন করে।

‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
তালিকায় আরও রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এ ছাড়া শীর্ষস্থানীয় প্রভাবশালী মুসলিমদের তালিকায় রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তাঁর পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনির নাম রাখা হয়েছে প্রয়াত ব্যক্তিদের তালিকায়।





