রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও প্রবাসী বন্ডের মেয়াদ বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে নন-রেসিডেন্ট কনভার্টেবল (এনআরসি) অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের বিনিয়োগসীমা ও মেয়াদসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
গভর্নর বলেন, ইতোমধ্যে এনআরসি অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে এ অ্যাকাউন্টের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং রিজার্ভ শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
তিনি জানান, একই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে ভারত চার-পাঁচ মাসে ৩২ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ১৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। বাংলাদেশও এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে চায়।

গভর্নর বলেন, আগামী তিন থেকে চার বছরে এনআরসি খাতে যে অর্থ পরিশোধ করতে হবে, তা যেন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি না করে, সে বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা করা হচ্ছে।
এ ছাড়া প্রবাসীদের জন্য চালু থাকা তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর জানান, প্রায় পাঁচ বছর আগে কোনো এক কারণে এসব বন্ডের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছরে সীমাবদ্ধ করা হয়েছিল। এখন মেয়াদ ও বিনিয়োগের সুযোগ আরও উন্মুক্ত করার বিষয়ে কাজ চলছে।
তিনি আরও জানান, বর্তমানে এই তিন ধরনের বন্ডে মোট ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। বিধিনিষেধ শিথিল করা সম্ভব হলে এসব বন্ডে নতুন বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের সরবরাহও বাড়তে পারে।
গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানো এবং প্রবাসীদের বৈধ পথে অর্থ বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।





