১৯ নভেম্বর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আগামী ১৬ নভেম্বরের মধ্যে। পরে শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘আকভান’।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। এরপর সমুদ্রের ওপর শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলে আঘাত হানবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস দেয়নি ভারতের আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আরও শক্তিশালী হলে এর সম্ভাব্য গতিপথ ও প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।

এদিকে আবহাওয়াবিষয়ক লাইভ ট্র্যাকিং ওয়েবসাইট উইন্ডিডটকমের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ আগামী ১৯ নভেম্বর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে।
তবে এটি একটি সম্ভাব্য গতিপথের পূর্বাভাস। ঘূর্ণিঝড়টির প্রকৃত গতিপথ, তীব্রতা ও উপকূলে আঘাতের স্থান পরিবর্তিত হতে পারে। তাই পরবর্তী সময়ে আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), উইন্ডিডটকম ও ওড়িশা টিভি।





