ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
বিনোদন

৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশ

৭ বছর পর জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’ প্রকাশ

বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে নতুন একক স্টুডিও অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার জয় শাহরিয়ার। প্রকাশ পেয়েছে তার পঞ্চম একক অ্যালবাম ‘বোকা’। আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটি শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ই এম কে সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, বাংলা রক সংগীতের জনপ্রিয় শিল্পী হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

‘বোকা’ অ্যালবামের আটটি গানের সবকটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানগুলোর কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই। দীর্ঘ বিরতির পর নিজের মতো করে গানগুলো তৈরি করেছেন বলে জানিয়েছেন এই শিল্পী।

শ্রোতাদের কাছে সহজে পৌঁছে দিতে অ্যালবামের গানগুলো স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, ডিজার ও স্বাধীনসহ বিভিন্ন আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।

তবে শুধু ডিজিটাল মাধ্যমেই সীমাবদ্ধ থাকেননি জয় শাহরিয়ার। বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করাতে সিডি, ক্যাসেট ও আকর্ষণীয় বুকলেটও প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনসিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধন করলেন সাবিলা নূর
সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলির নতুন সোপ, উদ্বোধন করলেন সাবিলা নূর

নতুন অ্যালবাম প্রকাশের অনুভূতি জানিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম এলো। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। নিজের মতো করে গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সিডি ও ক্যাসেট প্রকাশের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল যুগে ফিজিক্যাল অ্যালবাম প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে সিডি ও ভিনাইলের জনপ্রিয়তা আবারও বাড়ছে। বাংলাদেশেও এ সংস্কৃতি নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী তিনি।

‘আজব রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের নতুন অ্যালবাম ‘বোকা’। অ্যালবামটির সার্বিক সহযোগিতায় রয়েছে ‘আজব কারখানা’। আর টিশার্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘এন স্টোরিজ’।

সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হওয়ায় জয় শাহরিয়ারের ভক্ত-শ্রোতাদের মধ্যে নতুন গানগুলো ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।