বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ এগোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক বছরে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯১তম। গত বছর দেশটির অবস্থান ছিল ১০০তম।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।
আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংক’ অনুযায়ী, ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির নাগরিকরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই এবং আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারেন।
শীর্ষ পাঁচে যেসব দেশ
সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।
জাপানসহ ইউরোপের ১৬টি দেশ ১৭৩ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশগুলো হলো—বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।
১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।

বাংলাদেশি পাসপোর্টে কত দেশে ভ্রমণ?
আর্টন ক্যাপিটালের গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র্যাংকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯০তম।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে ভ্রমণ করতে পারেন। এছাড়া ২৮টি গন্তব্যে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুবিধা রয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান।
যেভাবে তৈরি হয় পাসপোর্ট সূচক
আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচকে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠানটি গ্লোবাল র্যাংক ও ইন্ডিভিজুয়াল র্যাংক—দুই ধরনের তালিকা প্রকাশ করে। একই স্কোর পাওয়া দেশগুলোকে গ্লোবাল র্যাংকে যৌথ অবস্থানে রাখা হয়। অন্যদিকে, ইন্ডিভিজুয়াল র্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে পৃথক ক্রমে সাজানো হয়।





