মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের অবরোধ

টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে ২০টি কারখানা ছুটি হয়ে গেছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়।
এরআগে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে ২৪ নভেম্বর দুপুরে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর শুরু হওয়া এ বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পান পোশাকশিল্পের শ্রমিকরা।
নতুন মজুরি ঘোষণার মধ্যেই গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন।

এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।
শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে গেছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করে যানজট তৈরি করছে।





