নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতার ঘটনা: তথ্য উপদেষ্টা

১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণ, ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগ; গ্রেপ্তার ১০০ জন
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা বলেন, ২৩ দিনে এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ পর্যন্ত ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
তিনি জানান, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিল বেআইনি বলে মন্তব্য করেন তিনি।
পুলিশ ও গ্রামীণ ব্যাংকের স্থাপনায় হামলা
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, পুলিশের স্থাপনায় হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও নাশকতার বিষয়ে তিনি বলেন, পুলিশের তথ্য অনুযায়ী, এসব শাখায় ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মামলা হয়েছে আটটি, জিডি ১৯টি এবং গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার ৭২টি ঘটনার কথা জানা গেছে। এ ছাড়া সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করেছেন।
জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির কর্মসূচিতে হামলা ও গোপালগঞ্জের সহিংসতা
বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে।
হাসপাতালে পরিকল্পিত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি উল্লেখ করে তিনি এসব ঘটনার নিন্দা জানান।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টন করা হয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা
গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে আসবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এ বিষয়ে আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর সাজা কার্যকরের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাঁকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা নিজেই দেশে আসতে চাইছেন এবং বাংলাদেশও তাঁর প্রত্যর্পণ চাইছে। ফলে এ ক্ষেত্রে নতুন করে আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয় বলে তিনি মনে করেন।
নড়াইলের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের সমালোচনা
নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের মূলধারার গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতীয় গণমাধ্যম ও সরকারের প্রতি এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা সত্য বলে স্বীকার করেন তিনি। এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ফৌজদারি অপরাধের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্তে বিজিবির সতর্কতা
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্বের অংশ। ডিসেম্বরকে কেন্দ্র করে পলাতক নেতাকর্মীদের দেশে ফেরার বিষয়ে যে আলোচনা তৈরি হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক রয়েছে।
ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।





