ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Prothom Kotha
খেলা

প্রথমবার হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশের

৫০ খেলোয়াড়কে ইউরোপের লিগে পাঠানোর পরিকল্পনা

প্রথমবার হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশের

২০৩০ বিশ্বকাপ লক্ষ্য করে দীর্ঘমেয়াদি রূপরেখা; র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৪-এ উঠতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের উন্নতি, ইউরোপের বিভিন্ন লিগে খেলোয়াড়দের অংশগ্রহণ, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বৃদ্ধি এবং ঘরোয়া প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে চায় ফেডারেশন।

বর্তমানে বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০৩০ সালের হকি বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪টি দলের সুযোগ পাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে আগামী চার বছরের পরিকল্পনা সাজানো হচ্ছে।

তবে ফেডারেশনের কর্মকর্তারাও স্বীকার করছেন, এই লক্ষ্য অর্জনের পথ সহজ নয়। বর্তমান অবস্থান ধরে রাখাই যেখানে চ্যালেঞ্জ, সেখানে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে প্রয়োজন ধারাবাহিক প্রস্তুতি ও বড় ধরনের বিনিয়োগ।

ফেডারেশনের পরিকল্পনার অন্যতম অংশ হলো আগামী তিন বছরে অন্তত ৫০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দেশের র‌্যাঙ্কিং উন্নত করতে চায় তারা।

হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বাসসকে বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী পুরুষ জাতীয় দলের ২০ জন খেলোয়াড়কে ইউরোপের বিভিন্ন ক্লাবে পাঠানো হবে। এরই মধ্যে ১৩ জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি সাতজনকে বাছাইয়ের চেষ্টা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো নারী দলের ছয়জন খেলোয়াড়কে ইউরোপীয় দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে প্রস্তাবিত চুক্তিকে এই কর্মসূচি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ফেডারেশন। এর মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ এবং উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত খেলার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে খেলোয়াড়েরা ইউরোপের বিভিন্ন লিগে তিন মাস খেলতে পারেন। এ সময় পোল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের দলের বিপক্ষে ১৫ থেকে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার লক্ষ্য রয়েছে বাংলাদেশের।

প্রিন্স বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জাতীয় দলকে নতুন করে গড়ে তুলতে চায় ফেডারেশন। খেলোয়াড়েরা নিয়মিত ইউরোপের লিগে খেলতে পারলে এবং বেশি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিলে তাঁদের পারফরম্যান্স ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বর্তমানে ২৮তম স্থানে থাকা বাংলাদেশ আগামী দুই বছরের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪-এ উঠতে চায়।

ফেডারেশনের আরেকটি লক্ষ্য ২০২৮ সালের অলিম্পিক বাছাই টুর্নামেন্টে জায়গা করে নেওয়া। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শুরুর দিকে চিলি অথবা কানাডায় অনুষ্ঠেয় চূড়ান্ত বাছাইপর্বের মাধ্যমে সেই সুযোগ অর্জনের চেষ্টা করবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মডেল অনুসরণের পরিকল্পনা

খেলোয়াড়দের বিদেশি লিগে পাঠানোর ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাকে অনুসরণ করতে চায় বাংলাদেশ। প্রিন্সের ভাষ্য অনুযায়ী, দেশটির প্রায় ৩৯ জন খেলোয়াড় ইউরোপের বিভিন্ন লিগে খেলেন। এর ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের অবস্থান শক্তিশালী হয়েছে এবং বিশ্বসেরা ১৫ দলের মধ্যে থাকতে পেরেছে।

বাংলাদেশেরও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সামর্থ্যসম্পন্ন কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বলে মনে করেন প্রিন্স। তাঁদের মধ্যে আমিরুল ও আশরাফুলের নাম উল্লেখ করেন তিনি। তাঁর তথ্য অনুযায়ী, আমিরুল ইতোমধ্যে ভারতের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন।

প্রিন্সের মতে, বর্তমান জাতীয় দলে ছয় থেকে সাতজন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। তাঁদের সঙ্গে উদীয়মান খেলোয়াড়দের সমন্বয় ঘটাতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুনকুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

১০০ কোটি টাকার তহবিলের আবেদন

উচ্চাভিলাষী এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফেডারেশন। প্রিন্স জানান, সরকারি তহবিল থেকে ৫০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে হকি ফেডারেশন। এ বরাদ্দ বাড়িয়ে ১০০ কোটি টাকা করার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

প্রস্তাবিত ১০০ কোটি টাকা স্থায়ী আমানত হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে। ফেডারেশনের প্রত্যাশা, এ অর্থ থেকে মাসে প্রায় ৭০ লাখ টাকা সুদ পাওয়া যাবে। সেই অর্থ দিয়ে প্রশিক্ষণ ক্যাম্প ও জাতীয় দলের অন্যান্য ব্যয় নির্বাহের পরিকল্পনা করা হচ্ছে।

সরকারের কাছ থেকে আরও সহযোগিতার আশ্বাস পাওয়ার কথা জানিয়ে প্রিন্স বলেন, করপোরেট পৃষ্ঠপোষক আকৃষ্ট করতেও একটি কমিটি কাজ শুরু করেছে। এ ছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য এক বছরের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

ঘরোয়া প্রতিযোগিতা ফেরানোর উদ্যোগ

প্রায় সাড়ে তিন বছর বিরতির পর ঘরোয়া হকি প্রতিযোগিতা পুনরুজ্জীবিত করাকে অগ্রাধিকার দিচ্ছে ফেডারেশন। প্রিন্স জানান, গত ৮ নভেম্বর প্রথম বিভাগ লিগ শেষ হয়েছে। আগামী মাসে দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতা শুরুর কথা রয়েছে।

খেলোয়াড় দলবদলের পর আগামী মে মাসে এবং জুনে প্রিমিয়ার বিভাগ লিগ আয়োজনের প্রাথমিক সূচি রয়েছে। তবে এর আগে নেশন্স কাপ ও দক্ষিণ এশীয় গেমসে জাতীয় দলের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হবে।

ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ দল কায়রোতে বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে। দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্কুল পর্যায়ে হকি প্রতিযোগিতার অভাব এবং ঢাকার বাইরে সীমিত সুযোগের কারণে নতুন খেলোয়াড় খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। আগামী বছর সরকারের ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে হকি অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তরুণ প্রতিভা খুঁজে বের করতে চায় ফেডারেশন।

বয়সভিত্তিক দলের জন্য বিদেশি কোচ নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে। গত চার-পাঁচ বছর ধরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করা মালয়েশীয় কোচ গোপির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ফ্র্যাঞ্চাইজি লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিকল্পনা

প্রিমিয়ার বিভাগ প্রতিযোগিতার পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ চালুর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং খেলোয়াড়দের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোই লক্ষ্য।

এ ছাড়া অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বরে ঢাকায় একটি আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় অবকাঠামোগত বাধা জাতীয় হকি স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, টার্ফটির কার্যক্ষমতার মেয়াদ শেষ হয়েছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য এটি আর উপযুক্ত নয়।

শিগগিরই নতুন টার্ফ স্থাপনের কাজ শুরু হবে বলে আশা করছে ফেডারেশন। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংস্কারের কথাও জানানো হয়েছে।

দীর্ঘদিনের ঘরোয়া স্থবিরতা, সীমিত অবকাঠামো ও অর্থায়নের চ্যালেঞ্জ সত্ত্বেও আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অবস্থান উন্নত করার পরিকল্পনা নিয়ে এগোতে চায় ফেডারেশন। তবে ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনার পাশাপাশি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণ, মানসম্মত প্রশিক্ষণ এবং আধুনিক অবকাঠামো নিশ্চিত করা কতটা সম্ভব হয়, সেটিই হবে মূল বিবেচ্য।