ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

হরমুজ প্রণালী বন্ধ বা বাণিজ্যিক জাহাজে হামলার অধিকার নেই কোনো রাষ্ট্রের

হরমুজ প্রণালী বন্ধ বা বাণিজ্যিক জাহাজে হামলার অধিকার নেই কোনো রাষ্ট্রের

ক্যাপ্টেন রেদওয়ান সিকদার: 
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ও সামুদ্রিক পরিবহনের জন্য এই প্রণালীর গুরুত্ব অপরিসীম। কোনো রাষ্ট্রের রাজনৈতিক বিরোধ, সামরিক উত্তেজনা কিংবা ভূরাজনৈতিক স্বার্থের কারণে আন্তর্জাতিক নৌ চলাচল বন্ধ করা বা বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অধিকার নেই—ইরান হোক কিংবা যুক্তরাষ্ট্র, কোনো রাষ্ট্রই আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নীতিমালার ঊর্ধ্বে নয়।

হরমুজ প্রণালী কোনো রাষ্ট্রের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক পথ বা Strategic Maritime Chokepoint। আন্তর্জাতিক আইন অনুযায়ী, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (UNCLOS)-এর ৩৮ ও ৪৪ অনুচ্ছেদে ট্রানজিট প্যাসেজের অধিকার এবং আন্তর্জাতিক প্রণালী দিয়ে চলাচলে বাধা না দেওয়ার নীতি প্রতিষ্ঠিত হয়েছে।

একইভাবে, বাণিজ্যিক জাহাজ কোনো রাষ্ট্রের সামরিক সংঘাতের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে না। নিরপরাধ নাবিকদের জীবন বিপন্ন করা, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো কিংবা আন্তর্জাতিক নৌ চলাচলকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক আইন কী বলে?

আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও বিভিন্ন চুক্তিতে জাহাজ চলাচলের নিরাপত্তা, নাবিকদের জীবন রক্ষা এবং সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা রয়েছে।

১৯৮৮ সালের SUA Convention অনুযায়ী, জাহাজে বলপ্রয়োগ, অবৈধ দখল কিংবা জাহাজের ক্ষতিসাধনের মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধের আওতায় পড়তে পারে। হরমুজে মার্কিন সেনা কিংবা IRGC কর্তৃক বাণিজ্যিক জাহাজ আটক করার মতো ঘটনাগুলো—যেমন ২০১৯ সালে Stena Impero এবং ২০২৪ সালে MSC Aries আটক—আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও আইন নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদে শক্তি প্রয়োগের মাধ্যমে অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করার বিরুদ্ধে নীতি প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ চলাচলকে সামরিক চাপ বা সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ?

ভৌগোলিকভাবে হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের মুসান্দাম উপদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের নিকটবর্তী উপকূল রয়েছে।

এই প্রণালী পারস্য উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক সমুদ্রপথে প্রবেশের অন্যতম প্রধান দরজা। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানির বড় অংশ হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-চতুর্থাংশ এবং বৈশ্বিক LNG বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এখানে নৌ চলাচল ব্যাহত হলে বিশ্ব জ্বালানি বাজার, পরিবহন খরচ ও অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ে।

LNG সরবরাহ ও বিশ্ব অর্থনীতিতে প্রভাব

কাতার বিশ্বের অন্যতম বৃহৎ LNG রপ্তানিকারক দেশ। দেশটির অধিকাংশ LNG জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এই পথ বন্ধ বা মারাত্মকভাবে বিঘ্নিত হলে গ্যাস সরবরাহে সংকট দেখা দিতে পারে, বিশেষ করে এশিয়ার দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানায় জ্বালানি সংকট তৈরি হতে পারে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া এবং পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তাই শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়; এর প্রভাব চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুনব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড
ব্যবসায়ী টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড

বিকল্প জ্বালানি পরিবহন পথ কতটা কার্যকর?

হরমুজ প্রণালী বন্ধ বা সীমিত হলে কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে। সৌদি আরবের East-West Pipeline দিয়ে লোহিত সাগরে তেল পরিবহন করা সম্ভব। সংযুক্ত আরব আমিরাতের Abu Dhabi Crude Oil Pipeline ব্যবহার করে ফুজাইরা বন্দরে তেল পাঠানো যায়।

তবে এসব বিকল্প পথ দিয়ে হরমুজ প্রণালীর সম্পূর্ণ পরিবহন সক্ষমতা প্রতিস্থাপন করা সম্ভব নয়। ফলে দীর্ঘ সময় ধরে নৌ চলাচল বিঘ্নিত হলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা হুমকির মুখে

হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ-অভিযান, জাহাজ আটক ও হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নাবিকদের। প্রাণহানি, আহত হওয়া, মানসিক চাপ, দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকা, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং খাদ্য, পানি ও চিকিৎসাসেবা সংকটের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তাঁরা।

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। UKMTO-এর ৬ নভেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৫৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে ৮২ জন নাবিক গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন এবং ২৫ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালী ছাড়িয়ে ফুজাইরা, খোর ফাক্কান এবং ওমানের সিনাজ এলাকায়ও জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। IMO-এর তথ্য অনুযায়ী, এই সংকটে হাজার হাজার নাবিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে প্রায় ৪০০টি জাহাজে ৬ হাজার নাবিক পারস্য উপসাগর ও ইরানসংলগ্ন এলাকা থেকে নিরাপদে বের হতে পারছেন না বলে দাবি করা হচ্ছে।

বাণিজ্যিক জাহাজ যুদ্ধের পক্ষ নয়

একটি বাণিজ্যিক জাহাজ যুদ্ধজাহাজ নয়। জাহাজের Master, Chief Engineer, Officer, Rating কিংবা Cadet—তাঁরা কোনো সামরিক সংঘাতের পক্ষ নন। তাঁরা আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার দায়িত্ব পালন করেন।

একটি বাণিজ্যিক জাহাজে হামলা মানে শুধু একটি জাহাজকে আক্রমণ করা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে নিরস্ত্র নাবিকদের জীবন, বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার নিরাপত্তা।

তাই অবিলম্বে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে হবে। নিরীহ নাবিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করতে হবে। নিহত ও আহত নাবিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং যুদ্ধক্ষেত্রে নাবিকদের নিরাপত্তাকে আন্তর্জাতিক অগ্রাধিকার দিতে হবে।

আমরা কোনো যুদ্ধের পক্ষ নই। আমরা আন্তর্জাতিক আইন, সামুদ্রিক নিরাপত্তা এবং মানবতার পক্ষে।

মনে রাখতে হবে, বাণিজ্যিক জাহাজে হামলা কোনো ভূরাজনৈতিক শক্তির প্রদর্শন নয়—এটি নিরস্ত্র মানুষের জীবন, বিশ্ব অর্থনীতি ও মানবিক নিরাপত্তার ওপর আঘাত।

Seafarers’ Lives Matter. No War on Merchant Ships.

লেখক : মেরিটাইম অ্যাম্বাসাডর, সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক কংগ্রেস