ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়। ওই বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বাসসকে জানান, প্রথম গ্রিড সংযোগের (এফজিসি) সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবার গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। বিদ্যুৎ চাহিদা ও সংকট বিবেচনায় এনপিসিবিএলের প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়েছে।

আরও পড়ুনপ্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কোনো কোনো পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টার প্রশংসা করে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের সর্বাত্মক চেষ্টা চলছে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রিড সংযোগ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা ও জাতীয় সঞ্চালন ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ। তবে পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার অর্থ এই নয় যে, কেন্দ্রটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে চলে গেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সরবরাহ কার্যক্রম দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।