হাতকড়া পরিয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে, বললেন হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডিত শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’
তিনি বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে, এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত রাখা হবে।
তিনি বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’
আওয়ামী লীগের সমর্থকেরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলায় জড়িত বলে অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে পারেনি বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া এসেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সঙ্গে এ ধরনের আলোচনা নিয়মিত করে থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।





