ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Prothom Kotha
খেলা

ভারতের কাছে মাত্র ২৬ রানে অলআউট নেপাল

ভারত ‘এ’ দলের ৩০৬ রানের বিশাল জয়

ভারতের কাছে মাত্র ২৬ রানে অলআউট নেপাল

ক্রীড়া ডেস্ক : রাইজিং স্টারস এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে ভারত ‘এ’ দল। ব্যাট হাতে ৩৩২ রানের বিশাল সংগ্রহ গড়ার পর বোলারদের তাণ্ডবে মাত্র ২৬ রানেই নেপালকে অলআউট করেছে তারা। ফলে ৩০৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তিলক ভার্মার নেতৃত্বাধীন দল। এই হারের মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছে নেপাল।

শুক্রবার (২০ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে ভারত ‘এ’।

জবাবে ৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটাররা। মাত্র ১১ ওভার ৩ বল খেলে ২৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দুই দলের ইনিংস মিলিয়ে ম্যাচ শেষ হয় মাত্র ৬১ ওভার ৩ বলে।

প্রিন্স-হার্ষিতের বোলিং তোপে বিধ্বস্ত নেপাল

রান তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নেপাল। ইনিংসের প্রথম ওভারেই অর্জুন কুমালকে শূন্য রানে ফিরিয়ে দেন হার্ষিত রানা। দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের শিকার হন দীপক দুমরে ও বাসির আহমাদ। পরের ওভারে কুশল ভুর্তেলকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন রানা।

মাত্র ১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে নেপাল। এরপরও ধস থামেনি। সপ্তম ওভারে রশিদ খানকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন রানা। পরের ওভারে পাওয়ান সরাফকে ফেরান প্রিন্স যাদব। নবম ওভারে লোকেশ বামকে আউট করে চার উইকেট পূর্ণ করেন রানা। তখন নেপালের সংগ্রহ ছিল ৭ উইকেটে মাত্র ১৭ রান।

শেষ দিকে প্রতিশ জিসি ও অধিনায়ক সন্দীপ লামিচানেকে বোল্ড করে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন প্রিন্স। এরপর শাহবাজ আহমেদের বলে নন্দন যাদব স্টাম্পড হলে ২৬ রানেই শেষ হয় নেপালের ইনিংস।

ভারতের হয়ে মাত্র ৫ ওভারে ৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন প্রিন্স যাদব। অন্যদিকে ৬ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন হার্ষিত রানা। বাকি উইকেটটি পান শাহবাজ আহমেদ। নেপালের পাঁচ ব্যাটার কোনো রান না করেই সাজঘরে ফেরেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করেন পাওয়ান সরাফ ও রশিদ খান।

তিলক ও কুশাগ্রর সেঞ্চুরিতে ভারতের বড় সংগ্রহ

আরও পড়ুনকুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
কুঁচকির চোটে সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

অথচ ম্যাচের শুরুটা ভারতের জন্য খুব একটা স্বস্তির ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারায় ভারত ‘এ’। ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর পাশাপাশি আয়ুশ বাদোনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। মাত্র ৪২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

তবে চতুর্থ উইকেটে অধিনায়ক তিলক ভার্মা ও উইকেটরক্ষক ব্যাটার কুমার কুশাগ্রর দুর্দান্ত জুটি ম্যাচের চিত্র বদলে দেয়। দুজন মিলে যোগ করেন ২০৬ রান।

কুমার কুশাগ্র ১০২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে তিলক ভার্মা ১১৩ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেন ১০৭ রান।

ইনিংসের শেষ দিকে সূর্যাংশ শেডগে ঝড় তোলেন ব্যাট হাতে। মাত্র ১৪ বলে একটি চার ও চারটি ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন তিনি। এতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় ভারত ‘এ’।

নেপালের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন সন্দীপ লামিচানে ও ললিত রাজবংশী।

লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বনিম্ন সংগ্রহ নেপালের

মাত্র ২৬ রানে অলআউট হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডে নাম লিখিয়েছে নেপাল।

এই তালিকার সবচেয়ে নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। ২০০৭ সালে বার্বাডোজের বিপক্ষে মাত্র ১৮ রানে অলআউট হয়েছিল তারা। এরপর ২০১২ সালে শ্রীলঙ্কার সারাসেন্স স্পোর্টস ক্লাব ১৯ রানে এবং ১৯৭৪ সালে মিডলসেক্স ২৩ রানে গুটিয়ে যায়। ২০১৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ২৪ রানেই অলআউট হয়েছিল ওমান।

এবার সেই বিব্রতকর তালিকায় যুক্ত হলো নেপালের নাম। অন্যদিকে ৩০৬ রানের বিশাল জয় দিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে দারুণ সূচনা করল ভারত ‘এ’ দল। আগামী রোববার (২২ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে তিলক ভার্মার দল।