ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল

মাসিক আয় বেড়েছে ৪৯ গুণ

ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ছাড়াল

১১ মাসে ডিজিটাল মাশুল আদায় ৫০ কোটি ৬০ লাখ টাকা, অক্টোবরেই আয় ৭ কোটি ৪২ লাখ

বাসস : ডাকটিকিটের প্রচলিত পদ্ধতি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর গত ১৫ নভেম্বর পর্যন্ত এ খাতে মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। মাত্র ১১ মাসের ব্যবধানে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

ডাক অধিদপ্তর সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হয়। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এ পদ্ধতিতে মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা ডাক মাশুল আদায় হয়েছে। গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আসছে এ ব্যবস্থা থেকে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বাসসকে বলেন, নতুন পদ্ধতি চালুর পর থেকে ডাক মাশুল আদায়ে অভাবনীয় গতি এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের ঊর্ধ্বমুখী প্রবণতা সন্তোষজনক। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে অধিদপ্তর।

স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যায়। মাশুল জমা দেওয়ার পর বারকোডযুক্ত আঠালো লেবেল প্রিন্ট হয়, যা ডাকপণ্যের গায়ে লাগানো হয়। প্রতিটি লেবেল তৈরিতে খরচ মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে এ সেবা চালু রয়েছে।

বেড়েছে মাসিক বুকিং ও রাজস্ব আদায়

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ৫৮ টাকা মাশুল আদায় হয়েছিল। পরের মাস নভেম্বরে ৫১৮টি বুকিং থেকে আয় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা।

চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৯৯১টিতে। এ মাসে ডাক মাশুল আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

শুরুর দিকে প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর ছিল। ২০২৫ সালের ডিসেম্বরে ২ হাজার ৩১৯টি বুকিং থেকে ৮৬ লাখ ৬৮ হাজার ৫১৩ টাকা আদায় হয়। চলতি বছরের জানুয়ারিতে মাসিক আয় প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায় দাঁড়ায়। ফেব্রুয়ারিতে তা বেড়ে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৪৮৮ টাকা হলেও মার্চে কমে ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৭৭২ টাকায় নেমে আসে। এপ্রিলে আয় হয় ২ কোটি ৭ লাখ ১২ হাজার ৯৭২ টাকা।

মে মাসে বড় উল্লম্ফন দেখা যায়। ওই মাসে বুকিং আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে দাঁড়ায়। মাশুল আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুনে আয় হয় ৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫৯৯ টাকা। জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক রাজস্ব ৫ কোটি টাকা ছাড়িয়ে ৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকায় দাঁড়ায়।

আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিং থেকে আয় হয় ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪২৯ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে মাশুল আদায় হয় ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা, যা এ পর্যন্ত এক মাসে সর্বোচ্চ আদায়। অক্টোবরে আয় কিছুটা কমে ৭ কোটি ৪২ লাখ টাকায় দাঁড়ালেও বুকিংয়ের সংখ্যা বেড়েছে।

হিসাব অনুযায়ী, মে থেকে অক্টোবর—এই ছয় মাসে মোট আয় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা। মাসে গড়ে আয় প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশ এসেছে এই ছয় মাসে।

তিন খাতে কমছে পরিচালন ব্যয়

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বলেন, আগে চিঠি ও পার্সেলের মাশুল আদায়ে ডাকটিকিট কিংবা ফ্রাংকিং মেশিনের ওপর নির্ভর করতে হতো। বিদেশগামী ইএমএস ও পার্সেলে বেশি মূল্যের ডাকটিকিট প্রয়োজন হলেও মজুত সীমাবদ্ধতার কারণে উপজেলা পর্যায়ের অনেক ডাকঘরে তা পাওয়া যেত না। ডাকটিকিট খুলে পড়ে যাওয়ার ঝুঁকিও ছিল।

অন্যদিকে, ফ্রাংকিং মেশিনের স্বল্পতা, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি করা কালির দাম বাড়ায় পরিচালন ব্যয়ও বাড়ছিল।

সাশ্রয়ের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে কত টাকা সাশ্রয় হচ্ছে তা হিসাব করা কঠিন। তবে আগে ডাক বিভাগের ব্যয় হতো মূলত তিনটি খাতে—ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালি। ই-ফ্রাংকিং চালুর ফলে এই তিন খাতেই ব্যয় কমছে।

আরও পড়ুনআগামীকাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ
আগামীকাল শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, ডিজিটাল মাশুল আদায়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক এ পদ্ধতি ক্ষয়ক্ষতি ও জালিয়াতি রোধের পাশাপাশি ডাক বিভাগের পরিচালন ব্যয় কমাবে। ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসেও এ ব্যবস্থা চালু হলে রাজস্ব আয় আরও বাড়বে।

তিনি আরও বলেন, নতুন পদ্ধতিতে সনাতন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও গ্রাহক ভোগান্তি কমেছে। ইউনিট পর্যায়ের কর্মকর্তারা এখন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ডাকঘরের রাজস্ব আদায়ের হিসাব দেখতে পারছেন। এতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে।

নিশ্চিত হচ্ছে লেনদেনের নিরাপত্তা

সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে ই-ফ্রাংকিংয়ের প্রতিটি লেবেলে যুক্ত করা হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা। মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় মাশুল পরিশোধের পর প্রিন্ট করা প্রতিটি স্টিকারে স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড থাকে। ডাকপণ্য বুকিংয়ের সময় বারকোড স্ক্যান করে যাচাই করা হয়। এর মাধ্যমে স্টিকারটি কোন ব্যবহারকারী প্রিন্ট করেছেন এবং কোন প্রিন্টার থেকে বুকিং সম্পন্ন হয়েছে, তা শনাক্ত করা সম্ভব।

লেনদেনে জবাবদিহির বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ডাকঘরের কর্মচারীরা সিস্টেমে প্রবেশ করতে পারেন না। প্রতিদিনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবও দিন শেষে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। ফলে রাজস্ব ফাঁকি ও জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমেছে।

ঘরে বসেই অগ্রিম ডাক মাশুল

ই-ফ্রাংকিং ব্যবস্থার অন্যতম সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। সাধারণ গ্রাহক, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠান ডাকঘরে না গিয়েও অনলাইনে অগ্রিম ডাক মাশুল জমা দিতে পারেন।

শাহ আলম ভূঁইয়া জানান, গ্রাহক মোবাইল আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। এরপর ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। বুকিং করা ডাকপণ্য কাউন্টারে জমা দিলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।

নিয়মিত বড় পরিমাণে পার্সেল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যবস্থাপনা ব্যয় কমাতে স্মার্ট পোস্টেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তাদের জন্য অনলাইনে বুকিং ও অগ্রিম মাশুল পরিশোধের সুবিধা ডাকসেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করছে।

সম্প্রসারণ পরিকল্পনা ও চ্যালেঞ্জ

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস রয়েছে প্রায় ১ হাজার ৫০০টি। বাকি ডাকঘরগুলো অবিভাগীয় গ্রামীণ শাখা। বর্তমানে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু হয়েছে।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে সব রাজস্ব অফিসে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ের ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি উপজেলা ডাকঘরে সেবা চালু হয়েছে। অন্যগুলোতেও ধাপে ধাপে সম্প্রসারণ করা হবে। তবে এ কার্যক্রমের নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

গ্রামীণ ডাকঘরগুলোতে একযোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি চালু হওয়া ফ্র্যাঞ্চাইজি ডাকঘর ব্যবস্থায়ও ই-ফ্রাংকিং অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে গ্রামীণ পর্যায়ে প্রযুক্তিনির্ভর ডাকসেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া বলেন, প্রথম পর্যায়ে উপজেলা ডাকঘরসহ রাজস্ব অফিসগুলোতে ই-ফ্রাংকিং সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘর যুক্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’-এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে মাশুল পরিশোধের পর পাওয়া বারকোড বা কিউআর কোড ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।

ই-কমার্সের দ্রুত প্রসারে পার্সেল ও লজিস্টিক সেবার চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে ই-ফ্রাংকিংকে শুধু ডাক মাশুল আদায়ের বিকল্প পদ্ধতি নয়, বরং বাংলাদেশ ডাক বিভাগের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।