পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে সমঝোতা হয়নি
২২ হাজারে অনড় শ্রমিকপক্ষ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো সমঝোতা হয়নি। ন্যূনতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনা এবং মজুরি নির্ধারণে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের বিষয়টি আলোচনায় উঠে আসে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা আলোচনা হয়। ওই সভায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে মঙ্গলবারের সভায় তারা ১৫ হাজার ৭০০ টাকার লিখিত প্রস্তাব দেয়।
অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের বৈঠকে প্রাথমিকভাবে ৩২ হাজার টাকা মজুরির দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছিল। চতুর্থ সভাতেও তারা একই দাবিতে অনড় থাকে।
বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়। তবে নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ।





