ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Prothom Kotha
জাতীয়

হাসিনা ফিরলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে-এমপি জামাল

হাসিনা ফিরলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে-এমপি জামাল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় এমপি জামাল বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। কেউ ধানখেতে রাত কাটিয়েছেন, কেউ ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছেন, আবার কেউ পুলিশের ভয়ে গোয়ালঘরে রাত কাটিয়েছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলার মাধ্যমে অনেক মানুষকে হয়রানি করা হয়েছে। ঘটনা না ঘটলেও মামলা হয়েছে, কারাগারে যেতে হয়েছে নিরপরাধ মানুষকে। গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার নিয়ে কথা বলার কারণে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্বের কথা তুলে ধরে জামাল বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করবেন। দেশের টাকা পাচার ও অগ্নিসংযোগের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা আর সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনমজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের অবরোধ
মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের  অবরোধ

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে ফিরে আসুন। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আয়নাঘরে মানুষকে বিনা অপরাধে আটক, হত্যা ও গুমের অভিযোগ রয়েছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নিখোঁজ ব্যক্তিদের এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ২০২৪ সালে ছাত্র-জনতা হত্যার ঘটনার বিচার নিশ্চিত করতে দেশে ফিরলে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে। তবে সেই বিচার হবে ন্যায়বিচারের ভিত্তিতে।

উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল হক নান্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ, উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক এবং উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সাকাওয়াত হোসেন রাব্বি।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

৬ নম্বর মঠবাড়ি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।