পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪ হাজার ৫০০ টাকা বা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ আলোচনার পর শ্রমিকপক্ষ সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। অন্যদিকে, মালিকপক্ষ ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।
বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়বে।





