ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Prothom Kotha
ফিচার

এসএসসিতে বোর্ডপ্রতি সেরা ১০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী পাবে ল্যাপটপ

এসএসসিতে বোর্ডপ্রতি সেরা ১০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী পাবে ল্যাপটপ

নিউজ ডেস্ক (বাসস) : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বোর্ডভিত্তিক মেধাক্রমে শীর্ষ ১০০ জনকে ল্যাপটপ দেবে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রাথমিকভাবে ১ হাজার ১০০ শিক্ষার্থীকে এ প্রণোদনার জন্য নির্বাচিত করা হয়েছে। তবে ১০০তম অবস্থানে সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। সরকারের ক্রয়পদ্ধতি পিপিআর-২০২৫ অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসসকে বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাবে।

তিনি আরও জানান, ল্যাপটপগুলো যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনপ্রথমবার হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
প্রথমবার হকি বিশ্বকাপে খেলার স্বপ্ন বাংলাদেশের

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু জিপিএ-৫ পাওয়ার ভিত্তিতে নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের এ কাঠামো অনুসরণ করে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের বিভাগ ও পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরি শিক্ষায় এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ জানান, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে সরকার এ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।