বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এবার শিক্ষাবর্ষ শুরুর আগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে বই সরবরাহের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।
এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ। প্রাথমিক স্তরের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে।
তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপানো হচ্ছে।
বই বিতরণের সময়সূচি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, আগে ১ জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হতো। অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয়ের নীতির অংশ হিসেবে এবার বড় পরিসরে উৎসবের পরিবর্তে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, স্কুলগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার চাইলে এনসিটিবি এখনই বই সরবরাহে প্রস্তুত রয়েছে।
এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
আগের বছরগুলোতে কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে বই উৎসব করার পরও বাকি বই মার্চ-এপ্রিল পর্যন্ত সরবরাহের নজির ছিল উল্লেখ করে তিনি বলেন, এবার শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহ নিশ্চিত হওয়ার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।
বইয়ের মান সম্পর্কে ফখরুল মাওলা বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয় যাচাই করে বইয়ের গুণগত মান নিশ্চিত করা হয়েছে। তাঁর দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের মান অনেক ভালো হবে।
নতুন বই ও পাঠ্যক্রম প্রসঙ্গে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফেরানো এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যক্রমের রূপরেখা তৈরির জন্য ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানান তিনি।





