ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
সারাদেশ

কালিয়াকৈরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন হাজারো শ্রমিক।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। পরে অনেকেই বাড়ি ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজ শুরুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।

এদিকে কারখানা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন, সরকারও বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন তারা আন্দোলন নয়, কারখানায় নিয়মিত কাজ করতে চান।

তাদের ভাষ্য, প্রতিদিন কারখানায় এসে নতুন কোনো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কখনো ছুটি ঘোষণা করা হচ্ছে, আবার কখনো অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেওয়া হচ্ছে। এতে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট

অন্যদিকে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, শিল্প পুলিশের বিশেষ রিজার্ভ ফোর্স (এসআরবি), আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, প্রতিদিন শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না।

তিনি বলেন, আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট নোটিশ এখনো তাদের কাছে পৌঁছায়নি। কারখানা কর্তৃপক্ষ হয়তো আজই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনের পরিপ্রেক্ষিতে একের পর এক কারখানা বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলের উৎপাদন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে কাজ ও আয়ের অনিশ্চয়তায় পড়েছেন এসব কারখানার ওপর নির্ভরশীল হাজারো শ্রমিক ও তাদের পরিবার।