ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Prothom Kotha
সারাদেশ

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট, ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট, ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা

সিলেট প্রতিনিধি: পাঁচ দফা দাবিতে সিলেটে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সমগ্র সিলেট জেলায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকরা এ ধর্মঘটে অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

সমগ্র সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, দাবিগুলোর বিষয়ে ধর্মঘট শুরুর আগে কোনো কার্যকর সমাধান হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। অন্যথায় ঘোষিত কর্মসূচি চলবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শেখ ইমরান হোসেন ঝুনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট

সভায় সমন্বয় পরিষদের নিজস্ব তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়।

অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান এবং নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা।

এ ছাড়া পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা, অবৈধ ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ এবং ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধের দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে ট্রাফিক বিভাগের দুর্নীতি রোধ, সিএনজি জ্বালানির সংকট নিরসন এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও রয়েছে তাদের।

ধর্মঘটের কারণে সোমবার থেকে সিলেট জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।