মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, দগ্ধ-আহত ৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহত পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতরা হলেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের পর আহতদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় সবার শ্বাসনালিতে ক্ষতির (ইনহেলেশন ইনজুরি) বিষয়টি শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পরপরই তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে সবার রক্তে অক্সিজেনের মাত্রা (SpO₂) স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে।





